Our Constitution

Our Rules

সেবাব্রতী আন্দোলনের মৌলিক বিষয়াদি

যে সব উপাদান সেবাব্রতী আন্দোলনের মূল ভিত্তি, ঐক্যের উৎস, চালিকাশক্তি ও সার্বজনীনতার নির্ণায়ক, সেগুলি এই আন্দোলনের মৌলিক বিষয়াদি যা নিম্নলিখিতভাবে বর্ণিত হচ্ছে :

সংজ্ঞা

সেবাব্রতী আন্দোলন একটি স্বেচ্ছাধর্মী মানব উন্নয়নমূলক আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণী নির্বিশেষে সকল বয়স্কদের জন্য উন্মুক্ত এবং নির্ধারিত উদ্দেশ্য, নীতি ও পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

উদ্দেশ্য

অসীম ও পরিমাপহীন মানব সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের মাধ্যমে উন্নত জীবনের অগ্রযাত্রায় সহায়তা করাই সেবাব্রতী আন্দোলনের উদ্দেশ্য।

নীতিমালা

সেবাব্রতী অর্থ সেবার ব্রত নিয়েছে যে। সেই বিবেচনায়, ভালোবাসার শক্তিতে ও নির্দেশিত পথে স্রষ্টার প্রতি আনুগত্য, নিজের প্রতি দায়বদ্ধতা, মানব সমাজের প্রতি কর্তব্যপালন ও মানবিক চেতনাকে লালন করাই সেবাব্রতী আন্দোলনের নীতি। এই নীতিমালা সেবাব্রতী আন্দোলনের নৈতিকতা, মূল্যবোধ, আচরণবিধি ও সংস্কৃতির ভিত্তি এবং সেবাব্রতী আন্দোলনের অঙ্গীকারের মাধ্যমে প্রকাশিত।

অঙ্গীকার

সেবাব্রতী আন্দোলনের সকল সদস্য আন্দোলনের নীতির ভিত্তিতে প্রণীত একটি অঙ্গীকার গ্রহণ, ধারণ, অনুশীলন ও ব্যক্তিজীবনে প্রকাশ করবেন এবং অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকবেন। এরূপ অঙ্গীকার নিম্নরূপে ব্যক্ত হতে পারে:

“আমি অঙ্গীকার করছি যে, আমি আলোকিত মানুষ হিসেবে জীবনাচরণ করতে, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে ও সেবাব্রতী আন্দোলনের চেতনাকে ধারণ ও প্রকাশ করতে আপ্রাণ চেষ্টা করব।”

পদ্ধতি

সেবাব্রতী আন্দোলনের উদ্দেশ্য সাধনে, নীতিমালার ভিত্তিতে একটি ধারাবাহিক আত্ম-উন্নয়ন প্রক্রিয়াই সেবাব্রতী আন্দোলনের পদ্ধতি যার উপাদান হচ্ছে :

  • অঙ্গীকারের সার্বজনীন চর্চা
  • চাহিদা পূরণের ভিত্তিতে শিক্ষণের পরিবেশ সৃষ্টি
  • ক্ষুদ্র ক্ষুদ্র দলের সদস্যপদের মাধ্যমে (যেমন- গোষ্ঠী বা দলের সদস্যভুক্তি) নিজ বোধ ও চেতনার দ্বারা পরিচালিত হয়ে নিরন্তর মানবিক সম্পর্কের সৌন্দর্য আবিষ্কার, মানবিক গুণাবলী অর্জন ও সামাজিক পরিবারের চেতনার পরিচর্যার সাথে সামাজিক সংহতি বিনির্মাণ
  • আত্ম আবিষ্কারের লক্ষ্যে ক্রমোন্নতিশীল ও নমনীয় স্ব-শিক্ষা কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ামূলক কর্মসূচি

সদস্যপদ

কোনরূপ বৈষম্য ব্যতিরেকে যে কোন প্রাপ্তবয়স্কের জন্য সেবাব্রতী আন্দোলনের সদস্যপদ উন্মুক্ত। তবে আন্দোলনের মানব বিকাশের উদ্দেশ্য বিবেচনা করে তরুণ বয়স্কদের সদস্যভুক্তিকে আন্দোলন গুরুত্ব দিয়ে থাকে। সদস্যগণ সম্পূর্ণ স্বেচ্ছায় আন্দোলনের মৌলিক বিষয়াদি গ্রহণ করে আন্দোলনের সাথে যুক্ত থাকবেন।
সদস্যপদ স্বশিক্ষা কেন্দ্রিক কর্মসূচি অনুসারে অর্জিত বিকাশের ভিত্তিতে ক্রমোন্নতিশীল সদস্য স্তরসমূহে বিন্যস্ত থাকবে।

প্রতিষ্ঠানাদি

সেবাব্রতী আন্দোলনের উদ্দেশ্য সাধনের পথে সংগঠিত কার্যাবলী পরিচালনা করতে বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সংগঠন ও সংগঠনসমূহ গড়ে তোলা হবে। এরূপ সংগঠন বা সংগঠনসমূহ অবশ্যই সেবাব্রতী আন্দোলনের মৌলিক বিষয়াদির দ্বারা পরিচালিত হবে।